সিদ্ধিরগঞ্জে ভুয়া ডাক্তার ও ম্যানেজারকে কারাদণ্ড

আপডেট : ১০ মে ২০১৯, ০০:৩৪

সিদ্ধিরগঞ্জে হেলথ্ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মো. তানভীর আহমেদ সরকার (৩৫) নামে এক ভুয়া ডাক্তার এবং ম্যানেজার আবুল বাশার মোল্লাকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-১১’র ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত সোয়া ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহানগরের ২নং ওয়ার্ডের সানারপাড় রহিম মার্কেট এলাকাস্থ মজিব ম্যানশনে অবস্থিত উক্ত হাসপাতালে র্যাব-১১’র সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী, পিপিএম এবং র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় হাসপাতাল থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ, রি-এজেন্ট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার তানভীরকে ২ বছরের ও হাসপাতালটির ম্যানেজার আবুল বাশার মোল্লাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং হাসপাতালটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার তানভীর কুমিল্লা জেলার দেবিদ্বার থানার শিবলগড় এলাকার আ. মতিন চৌধুরীর ছেলে এবং ম্যানেজার আবুল বাশার মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার কামারখাড়া এলাকার সুবল মোল্লার ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম জানান, এখানে তানভীর নিজেকে সনোলজিস্ট সার্জন হিসেবে নিজেকে পরিচয় দিয়ে প্যাথলজি রিপোর্ট তৈরিসহ আল্ট্রাসনোগ্রাম করতেন। একই সাথে তিনি সার্জারি এবং রোগীও দেখতেন। আসলে সে কোনো এমবিবিএস ডাক্তার নয়। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে, একই ধরনের ওষুধ লিখে প্রেসক্রিপশন ছাপিয়ে রেখেছেন। বিভিন্ন সময় যখন রোগীরা আসতেন তখন রোগীদের নামটি বসিয়ে একই ধরনের ওষুধ দেওয়া হতো।