দুর্নীতি, দায়িত্বে অবহেলা, অনিয়মসহ বিভিন্ন অভিযোগে দুই কর্মকর্তা ও দুই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে এ চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এসব তথ্য জানা গেছে। যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তারা হলেন— বিমানের উপ-মহাব্যবস্থাপক বাণিজ্যিক আতিক রহমান চিশতী (পি-৩৬৩৪১), হিসাব তত্ত্বাবধায়ক মো. সাজেদুল হক (জি-৫০৯৫৯), অপারেটর (জিএসই) মো. আবুল হোসেন (পি-৩৬৬৯৪), অপারেটর (জিএসই) মো. নিজামুল ইসলাম (জি-৫০৩২৬)।
সূত্র জানায়, গত ২৯ এপ্রিল বিমানের উপ-মহাব্যবস্থাপক বাণিজ্যিক আতিক রহমান চিশতীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে নোটিস দেওয়া হয়। ?বিমান প্রশাসনের তদন্ত শাখার ব্যবস্থাপক (প্রশাসন) তালুকদার মিজানুর রহমান ওই নোটিসটিতে স্বাক্ষর করেছেন। নোটিসে বলা হয়, আতিক রহমান চিশতীর বিরুদ্ধে আনীত অভিযোগ ২০১৮ সালের ২৫ অক্টোবর তদন্ত করা হয়েছে। এরপর তদন্ত প্রতিবেদন অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে ৭ হাজার ৯০ ইউএস ডলার বিমানের ফান্ডে জমা দিয়ে তদন্ত শাখায় রশিদ জমা দিতে বলা হয়েছে। এ অর্থ জমা না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিমান।
