গণতন্ত্র হরণ করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে সরকার :ফখরুল

আপডেট : ১০ মে ২০১৯, ০০:৫২

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র হরণ করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে সরকার। ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচন করে এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

দেশে একদলীয় শাসন ভর করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, মানুষের সব অধিকারকে হরণ করে নেওয়া হয়েছে। কীভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া যায় তার ষড়যন্ত্র চলছে। দেশে গণতন্ত্র নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন,   যে জাতি ১৯৭১ সালে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল, সেই জাতির কাছ  থেকে গণতন্ত্রকে হরণ করে নেওয়া হয়েছে।

বিএনপি মহাসচিব আরো বলেন, যিনি দীর্ঘকাল গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। শুধুমাত্র গণতন্ত্রের কর্মী হওয়ায় বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।