যুক্তরাষ্ট্রের এক বাড়ি থেকে ১ হাজারের বেশি অস্ত্র উদ্ধার

আপডেট : ১০ মে ২০১৯, ০০:৫২

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের হোম্বলি হিলসের একটি বাড়ি থেকে বুধবার ১ হাজারেরও বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই বাড়ির মালিক বেশ কিছুদিন ধরে অবৈধ তৈরি ও কেনা-বেচা করে আসছিল—এমন তথ্য পাওয়ার পর ওই বাড়িতে অভিযান চালায় মাদক, তামাক, অস্ত্র, বিস্ফোরক বিভাগের এজেন্ট ও লস অ্যাঞ্জেলস পুলিশের কর্মকর্তারা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লস অ্যাঞ্জেলস পুলিশের কর্মকর্তা জেফ লি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সিএনএন প্রকাশিত ছবিতে দেখা যায়, শত শত অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অথবা কম্বল দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। সেসব আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে হালকা পিস্তল থেকে শুরু করে রাইফেলও। এছাড়া অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার হয়েছে। প্যানেল কোড ৩০৬০০ (ক্যালিফোর্নিয়া) অনুযায়ী .৫০ বিএমজি রেঞ্জের সকল প্রকার মেশিন গান বা রাইফেলের উত্পাদন, বিপণন, বহন, আমদানি, ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এর আগে ২০১৫ সালেও প্রায় ১২০০ অস্ত্র ও ৭ টন অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে লস অ্যাঞ্জেলসের পুলিশ। তবে এক বাড়ি থেকে এতো বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম অতীতে কখনো উদ্ধার হয়নি।