পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করতে চায় নটরডেম কলেজ কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে শিক্ষামন্ত্রণালয়ে আবেদন করলেও অনুমতি মেলেনি। এ কারণে উচ্চ আদালতে পৃথকভাবে রিট মামলা দায়ের করেছে নটর ডেম কর্তৃপক্ষ এবং এক অভিভাবক। নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও ইত্তেফাককে বলেন, ভর্তির বিষয়ে আমরা এখনো কোন সিদ্ধান্ত নেইনি। তিনি বলেন, আমরা উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছি। আজ বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি শেষেই আমরা সিদ্ধান্ত নেব।
গত ১৬ মে শিক্ষামন্ত্রণালয় ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নীতিমালা জারি করে। নীতিমালায় বলা হয়, ভর্তি পরীক্ষার জন্য কোন বাছাই পরীক্ষা হবে না, কেবল শিক্ষার্থীর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। নীতিমালায় আরো বলা হয়, নীতিমালার ব্যত্যয় হলে বেসরকারি কলেজের ক্ষেত্রে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলসহ এমপিওভুক্তি বাতিল করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, ভর্তি পরীক্ষা নিতে চেয়ে নটর ডেম কলেজ কর্তৃপক্ষ আবেদন করলেও বোর্ড নীতিমালার বাইরে তাদের সে অনুমতি দেয়নি। তাই নীতিমালার বাইরে এবার কোনো কলেজে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না ।
