মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে চাই সচেতনতা

আপডেট : ৩০ মে ২০১৩, ২২:৩৪
মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে এখনই সকলকে সচেতন করার যথাযথ উদ্যোগ নিতে হবে। তা নাহলে এ দুটি সমস্যা দেশে ভয়াবহ আকার ধারণ করবে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে ধারণা প্রকাশ করা হয়েছে সরকারের সহযোগিতায় অনুষ্ঠিত এক গবেষণা রিপোর্টে। গতকাল বেসরকারি উন্নয়ন সংস্থা পরিপ্রেক্ষিত স্বাস্থ্য অধিদপ্তরে এই রিপোর্ট প্রকাশ করে। স্বাস্থ্য শিক্ষাব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিপ্রেক্ষিত এই গবেষণা কার্যসম্পাদন করে। স্বাস্থ্য শিক্ষাব্যুরো প্রধান আবদুল আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজ কল্যণ উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। গবেষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি বলেন, মাদকাসক্তি নিরাময়ে সরকার দীর্ঘ মেয়াদী কর্মসূচি গ্রহণ করেছে এবং মানসিক রোগ প্রতিরোধেও নতুন নতুন কর্মপরিকল্পনা করা হয়েছে। তবে এই দুটি সমস্যার ক্ষেত্রে সামাজিক সচেতনতার জোরদার করা অধিক গুরুত্ব বহন করে। তিন মাসের জাতীয় ও স্থানীয় দৈনিক সংবাদপত্রের সংবাদের ভিত্তিতে মাদকাসক্তি ও মানসিক ভারসাম্য হীনতার প্রাদুর্ভাবের পেক্ষাপটে দেশের ৪৭টি জেলায় পরিপ্রেক্ষিত গবেষণা- প্রচারাভিযান চালায়। তিনমাসব্যাপী এই কার্যক্রম শেষে তারা জনসচেতনতার অবস্থান নিরূপণের চেষ্টা করে। স্বাস্থ্য শিক্ষাব্যুরো ও জেলা সিভিল সার্জন অফিসের সহায়তায় এই প্রচারাভিযানে প্রায় দেড় হাজার জনগোষ্ঠীকে মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে সচেতন করা হয়। এই প্রচারাভিযানে প্রাপ্ত মতামতের উপর গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার অস্মিতা বর্মন। পরিপ্রেক্ষিত-এর নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর সচেতনতা সৃষ্টি, জেলা ও উপজেলা হাসপাতালগুলোকে এবিষয় আরও কার্যকর করা এবং সুশীল সমাজের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন নীতি নির্ধারক শ্রেণি, সংশ্লিষ্ট বিষয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং গণমাধ্যম কর্মীদের এই সচেতনতা কার্যক্রমের আওতায় আনা জরুরি। অনুষ্ঠনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সুভাস চন্দ্র সাহা।