রাজধানীর ডেমরায় ইসতিয়াক আহমেদ বুলবুল নামে এক শিশুকে জবাই ও দুই হাতের রগ কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। সাড়ে পাঁচ বছর বয়সী এই শিশুটিকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা শিশুটির মা কিছুই জানাতে পারেননি। বৃহস্পতিবার দুপুরে কোনাপাড়ার চিশতিয়া রোডে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় পাশের রুমে ঘুমিয়েছিলেন শিশুটির মা। বাবা ছিলেন ঢাকার বাইরে। শিশুটির গলার বেশকিছু অংশ ও দুই হাতের কব্জির চামড়া কাটা হয়েছে।
বুলবুলের বাবা শাহ আলম পাটোয়ারী পেশায় ঠিকাদার। তিন ভাইয়ের মধ্যে বুলবুল সবার ছোট। গ্রামেরবাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার পানগিরি। সে স্থানীয় একটি স্কুলের শিশু শ্রেণির ছাত্র।
বুলবুলের মা পারভিন বেগম জানিয়েছেন, তাদের বাসা একতলা ভবন। দুপুরের খাবার খেয়ে তিনি বাসার একটি রুমে ঘুমিয়েছিলেন। বাসার অপর একটি কক্ষের খাটে বসে খেলা করছিল শিশু বুলবুল। দুপুর দুইটার দিকে গোংড়ানির শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি দ্রুত ঐ রুমে গিয়ে দেখেন, বুলবুল খাটের নিচে চাঁদর দিয়ে মোড়ানো রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। তার চিত্কারে প্রতিবেশীরা ছুটে আসেন। তাদের সহায়তায় বুলবুলকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বিকালে নেয়া হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালে।
কারা এ ঘটনা ঘটিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পারভীন বেগম বলেন, তিনি নিজেও বুঝতে পারছেন না। কারা এ ঘটনা ঘটাতে পারে। তাছাড়া বাসায়ও কাউকে ঢুকতে দেখেননি।
ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, তিনি ঘটনার কথা শুনেছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ জানায়নি। তা সত্ত্বেও তিনি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছেন।
