তিন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট : ৩০ মে ২০১৩, ২২:৩৬
ফরমালিনযুক্ত আম সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পুরান ঢাকার বাদামতলীর তিন ফল ব্যবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রাসেলুল কাদেরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। রাসেলুল কাদের জানান, বাদামতলীতে ৩শ’ থেকে ৪শ’ ফলের দোকান আছে। এর মধ্যে ৪০টি দোকানের ফল (বিশেষভাবে আম) পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় তিনটি দোকানের আমে ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে। এ জন্য ওই তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ব্যবসায়ীরা জরিমানা পরিশোধ করেছেন। পরীক্ষা-নিরীক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। অভিযানে থাকা মত্স্য অধিদপ্তরের কর্মকর্তারাও তাদের নিজস্ব সরঞ্জাম দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। র্যাবের সদস্যরাও অভিযানে অংশ নেন। রাসেলুল জানান, আগের মতো বর্তমানে ফরমালিনের ব্যবহার এত সর্বগ্রাসী নয়। চলমান অভিযানের কারণে ইতিবাচক ফল পাওয়া গেছে। অভিযান অব্যাহত থাকবে।