রায়পুরে মাছ ঘাট দখল নিয়ে সংঘর্ষে আহত ১৫

আপডেট : ১০ মে ২০১৯, ১৩:৫৬

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীর তীরে মাছ ঘাট দখল নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

 

শুক্রবার সকালে উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে মেঘনা নদীর চান্দার খাল নামক স্থানে এ ঘটনা ঘটে। গুরুতর জখম ৯ জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন, আতাউল গনি, সেলিম খান, জয়নাল আবেদীন, মোসলেহ উদ্দিন, আব্দুল কাদের হাওলাদার, ওসমান গনি, আব্দুল মালেক, আজগর সর্দার, কামাল হোসেন, সবুজ হাওলাদার, সুমন হাওলাদার ও মফিজ সর্দার, জাকির হোসেন।

 

প্রত্যক্ষদর্শী ও ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গেছে, মেঘনা নদীর তীরে চরবংশী ইউনিয়নের চান্দার খাল নামক স্থানে দীর্ঘদিন ধরে সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন হাওলাদার সংস্কার করে মাছ ঘাট দিয়ে ব্যবসা করছেন। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আলতাফসহ তার কমিটি বিলুপ্ত করে ওসমান খাঁনকে আহ্বায়ক করে ৬ সদস্যের কমিটি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। এর পর থেকে ওসমান খান ও আলতাফ হোসেনের অনুসারীদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টাধাওযাসহ মারামারি হয়। এর জের ধরে শুক্রবার সকালে ওসমান খাঁ নতুন একটি মাছ ঘাট করতে গেলে এতে বাধা দেন আলতাফ হোসেন হাওলদারের অনুসারী মফিজ খাঁ, আজগর সর্দার ও সুমন হাওলাদারসহ কয়েকজন। এতে উভয় পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষে ১৫ জন আহত হন।

আরো পড়ুন : প্রতি শুক্রবার নামাজরত মুসলিমদের পাহারা দিচ্ছেন অমুসলিম ব্যক্তি

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়র রয়েছে।

 

ইত্তেফাক/ইউবি