শিবালয়ে জাতীয় কবিপত্নী প্রমীলার জন্মবার্ষিকী পালিত

আপডেট : ১০ মে ২০১৯, ১৬:৪৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পত্নী প্রমীলার ১১২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার তার জন্মস্থান শিবালয় উপজেলার তেওতা গ্রামে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

জানা গেছে, ১৯০৮ সালের এ দিনে প্রমীলা তেওতায় জন্ম গ্রহণ করেন। তৎকালীন জমিদার কিরন শঙ্কর রায় চৌধুরী প্রতিষ্ঠিত স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে লেখা-পড়ার এক পর্যায়ে তিনি বিধবা মায়ের সঙ্গে কাকার কর্মস্থল কুমিল্লায় যান। সেখানে কবি নজরুলের সঙ্গে পরিচয়ের পর তারা দুবার তেওতায় বেড়াতে আসেন। 

জন্মদিন পালনে নজরুল সাহিত্যপ্রেমী বিভিন্ন সংগঠন তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গনে নজরুল-প্রমীলা মঞ্চে কবিপত্নীর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বাবুল ফাউন্ডেশনের উদ্যোগে হামদ-নাত পরিবেশন ও ইফতার মাহফিলের আয়োজন করে। আলোচনায় তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, শিক্ষক অজয় চক্রবর্তী, আতিকুর রহমান আতিক,  নজরুল গবেষক সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, সাইফুল ইসলাম খান, শহিদুল ইসলাম, টিমুনী খান রীনো প্রমুখ অংশ নেন।

আরও পড়ুনঃ নিউইয়র্ক অভিবাসীদের জন্য নিরাপদ নগরী

বক্তারা বলেন, নজরুল-প্রমীলা স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ির ১০ একর জায়গা সরকার প্রত্নতত্ত্ব বিভাগে ন্যাস্ত করার পর নজরুল জাদুঘর, পুকুর ঘাট নির্মাণ, নবরত্ন মঠ সংস্কার হলেও অন্য প্রকল্প বাস্তবায়নে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে।

ইত্তেফাক/নূহু