বিশ্বের রাজধানী খ্যাত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, যুক্তরাষ্ট্রে ৫০টিরও বেশি কমিউনিটি রয়েছে। তাদের মধ্যে এশিয়ান কমিউনিটিই সেরা।
তিনি বলেন, এশিয়ানরা কঠোর পরিশ্রমী। তারা প্রতিটি পেশায় ভালো করছেন। তিনি নিউইয়র্ক সিটিকে অভিবাসীদের নিরাপদ আবাস নগরী উল্লেখ করে বলেন, এই শহরে অভিবাসীরা নিরাপদ।
‘এশিয়ান-প্যাসিফিক আমেরিকান হেরিটেজ মাস’ উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানসনে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন মেয়র বিল ডি ব্লাজিও।
বিপুলসংখ্যক বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির নানান শ্রেণিপেশার মানুষেরা যোগ দেন এ অনুষ্ঠানে। মেয়র ব্লাজিও এবং ফার্স্ট লেডি শারলেন ম্যাকক্রে অতিথিদের স্বাগত জানান।
প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে মেয়র ব্লাজিও বলেন, হোয়াইজ হাউজ আমেরিকার মানুষকে দুই ভাগ করার চেষ্টা চালাচ্ছে। এর ফলে আমেরিকার মূল্যবোধ নষ্ট হতে চলেছে। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।
তিনি বলেন, নিউইয়র্ক সিটির বাসিন্দারা ঐক্যবদ্ধ। ফলে হোয়াইট হাউজের নেতিবাচক প্রভাব তাদের কোনো ক্ষতি করতে পারছে না।
অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন।
বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) মিডিয়া লিয়াঁজো ডিটেকটিভ জামিল সারোয়ার জনি জানান, বাপার বেশ কয়েকজন সদস্য মেয়রের ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। মেয়র তাদের সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন।
আরও পড়ুনঃ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বাপার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কামরান চৌধুরী, হুমায়ূন কবীর, মোহাম্মদ এ. চৌধুরী প্রমুখ। বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, কমিউনিটি লিডার সালেহ আহমেদ প্রমুখ।
ইত্তেফাক/নূহু

