তুরস্কে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ইস্তাম্বুলে ৬০ বিক্ষোভকারীকে গ্রেফতারের করা হলে রাজধারী আংকারা এবং ইজমিরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। বিরোধী দলের দুই সংসদ সদস্যসহ বেশ কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইস্তাম্বুলের বিখ্যাত তাকসিম স্কয়ারে গত কয়েদিন ধরেই অবস্থান ধর্মঘট চলছিল। পার্ক ভেঙে এবং গাছপালা কেটে একটি বিপণী বিতান তৈরির প্রতিবাদে গত ২৮ মে থেকে থেকে এ ধর্মঘট শুরু হয়। এই ধর্মঘট পরে সরকারের বিরোধী বিক্ষোভে পরিণত হয়। গত চারদিনে পুলিশ ধর্মঘটকারীদের হটিয়ে দেয়ার জন্য বেশ কয়েক দফা হামলা করলেও বিক্ষোভকারীরা ওই চত্বর ত্যাগ করতে অস্বীকার করে। গত শুক্রবার বিক্ষোভকারীদের হটিয়ে দেয়ার জন্য পুলিশ কাঁদানো গ্যাস ও জল কামান ব্যবহার করে। এক পর্যায়ে অবস্থান ধর্মঘট থেকে ৬০ জনেরও বেশি বিক্ষোভকারীকে পুলিশ গ্রেফতার করলে বড় সংঘাতের সূত্রপাত হয় এবং বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় বহু লোক আহত হয়েছে এবং সংঘর্ষ আংকারাসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। রাজধানী আংকারায় বিক্ষোভকারীরা ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সদর দফতরের কাছে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, ইস্তাম্বুলে ১০ হাজারের বেশি ব্যক্তি বিক্ষোভে যোগ দিয়েছে। বিক্ষোভকারীরা বলছে, তাদের বিক্ষোভ এখন আর কেবল গাছ কাটার বিরুদ্ধে সীমাবদ্ধ নেই।
