কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, শেখ হাসিনা যদি প্রধান নির্বাচন কমিশনার হয়েও নির্বাচন দেন তবুও তার দল আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। আগামী নির্বাচনে আমার গামছা ছাড়া দুই নেত্রীর কেউই পার পাবেন না। তিনি বলেন, আগামী পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মসজিদে গান-বাজনা ও বাদ্যযন্ত্র বাজবে। যদি রাষ্ট্র চালাতে হয় তবে সংবিধানে আল্লাহ ও রাসূলের নাম পুনর্বহাল করতে হবে।
গতকাল শনিবার টাঙ্গাইলের সখীপুরে কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় জনসভায় তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী আরও বলেন, আগামীতে যে দলই সরকার গঠন করুক সখীপুরের মরণফাঁদ ‘আটিয়া বন অধ্যাদেশ-৮২’ বাতিল করা হবে। তিনি বর্তমান সরকারকে ‘মহিলা শাসিত সরকার’ উল্লেখ করে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী সবাই মহিলা। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান কখনো মুক্তিযুদ্ধ করেননি বলেও দাবি করেন।
আবদুল করিম মাস্টারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন দলের নেতা হাবিবুর রহমান বীর প্রতীক, ইকবাল সিদ্দিকী, আজাদ সিদ্দিকী, শফিকুল ইসলাম, এডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।
