পরীক্ষায় পাস করিয়ে দেবার নামে উেকাচ দাবি, ছাত্রীদের অনৈতিক প্রস্তাব দেয়াসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে অধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে তাকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে মূল গেটে তালা লাগিয়ে ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ মিছিল ও কলেজ ভাংচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শিক্ষার্থীরা মূল ফটক খুলতে অস্বীকৃতি জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান (ভারপ্রাপ্ত) ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে দেয়।
প্রতিষ্ঠানটির কম্পিউটার ট্রেডের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ওবায়দুল ও হাসান অভিযোগ করেন, শারমীন আক্তার নামের একজন অতিথি শিক্ষক নিয়োগ দিয়ে তার মাধ্যমে পরীক্ষায় কৃতকার্য করিয়ে দেবার কথা বলে ছাত্রপ্রতি ৮-১০ হাজার টাকা উেকাচ দাবি করেন অধ্যক্ষ। টাকা না দিলে অকৃতকার্য করানো হবে বলে হুমকি দেয়া হয়। একই ট্রেডের আলমগীর হোসেন বলেন, অধ্যক্ষ কারণে অকারণে ছাত্রীদের তার কক্ষে ডেকে নেন এং পরীক্ষায় পাস করিয়ে দেয়ার কথা বলে অনৈতিক প্রস্তাব দেন। বেশ কয়েকজন সহপাঠী ছাত্রী তাদের কাছে অধ্যক্ষের এসব আচরণের কথা জানিয়েছেন বলে তিনি দাবি করেন। শিক্ষার্থীদের এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, শিক্ষার্থীরা তার কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে এসব অপপ্রচার চালাচ্ছে।
