বুলবুলকে সতর্ক করে চিঠি ও লিটনের কাছে ব্যাখ্যা তলব

আপডেট : ০২ জুন ২০১৩, ২১:১৮
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহার ও উস্কানিমূলক ভাষায় মোনাজাত পরিচালনার অভিযোগের প্রেক্ষিতে সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে সতর্ক করে চিঠি দিয়েছেন রিটার্নিং অফিসার। গত শনিবার রাতে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার স্বাক্ষরিত চিঠি মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী কার্যালয়ে হস্তান্তর করা হয়। অন্যদিকে আচরণী বিধি ভঙ্গ করে রাসিক নির্বাচনী কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার ছবি ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী নাগরিক কমিটির মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে ব্যাখ্যা তলব করেছেন রিটার্নিং অফিসার। গতকাল রবিবার দুপুরে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার স্বাক্ষরিত চিঠি মেয়র প্রার্থী লিটনের নির্বাচনী কার্যালয়ে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় প্রতিদ্বন্দ্বীর অভিযোগের প্রেক্ষিতে মেয়র প্রার্থী লিটনকে নির্বাচনী আচরণ বিধি উল্লেখ করে চিঠি দেন রিটার্নিং অফিসার। এদিকে রাসিক নির্বাচনে সংসদে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করার বিষয়ে মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে আরেকটি অভিযোগ রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণায় ধর্মের ব্যবহার ও উস্কানিমূলক বক্তব্য প্রদান সংক্রান্ত আচরণ বিধিমালা ১০ (ক) ধারা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে প্রেরিত কারণ দর্শানোর নোটিসের জবাব পাওয়া গেছে। সংশ্লিষ্ট মেয়র প্রার্থী লিখিত জবাবে রিটার্নিং অফিসারকে জানান, ‘কথিত হেফাজতে ইসলামের ওই ব্যক্তি তার নির্বাচনী পরিচালনার দায়িত্বে নিয়োজিত সম্মিলিত নাগরিক ফোরামের সংশ্লিষ্ট কেউ নয়। তারপরও ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। পরে রিটার্নিং অফিসার চিঠি দিয়ে মেয়র প্রার্থী বুলবুলকে নির্বাচনী কাজে ধর্মকে ব্যবহার না করার বিষয়ে সতর্ক করে দেন। ওই চিঠিতে নির্বাচনী প্রচারণায় উপস্থিত থেকে বা আলাদাভাবে কেউ যাতে বিপরীত প্রার্থীর বিরুদ্ধে বাজে কথা না বলে, এ বিষয়েও মেয়র প্রার্থী বুলবুলকে অনুরোধ জানানো হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার আরো জানান, সতর্ক করে চিঠি দেয়ার পরও যদি মেয়র প্রার্থী বুলবুলের বিপক্ষে এ ধরনের অভিযোগের পুনরাবৃত্তি ঘটে এবং তদন্তে সেই অভিযোগের যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে নির্বাচনী বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।