বাসায় ইঁদুরের উত্পাত অনেক বেশি। বাচ্চা ইঁদুরের যন্ত্রণা কোনোভাবেই মানা যাচ্ছে না। মাঝে মাঝে ইঁদুরের কল, ইঁদুরের বিষ, বিষ মেশানো খাবার, ইঁদুর আটকানোর জন্য আঠার সিডিসহ অনেক কিছুই ব্যবহার করেছে মোনায়েম। কিন্তু কোনো সুফল মেলেনি। আবার বাসায় ছোট বাচ্চা আছে বলে সবসময়ই ইঁদুরের বিষ ফেলেও রাখা যায় না।
ঈদের ছুটি হয়েছে। সবাই বাড়ি যাবে। মোনায়েম তার স্ত্রী আর বাচ্চাকে নিয়ে চট্টগ্রাম যাবে। অনেকদিন পরে চট্টগ্রামে যাচ্ছে, আনন্দটা একটু বেশিই। একজন ব্ল্যাকারের কাছ থেকে চারগুণ বেশি দাম দিয়ে ট্রেনের শীতলকক্ষের টিকেট পেয়েছে। এত দাম দিয়ে টিকেট কেনার একটাই কারণ—বাচ্চাটা যেন কষ্ট না পায়। দুই বছরের বাচ্চাকে বেশি কষ্ট দিলে শরীর খারাপ করতে পারে। সেক্ষেত্রে ঈদের আনন্দটাই মাটি হয়ে যাবে।
আগের রাতেই ব্যাগ গোছানো হয়ে গেছে। চার-পাঁচ দিন বাসায় কেউ থাকবে না। পুরো খালি বাসায় ইঁদুরের উত্পাত হবে সর্বোচ্চ পর্যায়ের। এমনিতে লোক থাকা অবস্থায় ইঁদুরের যন্ত্রণা অসহ্য। নীরব বাসায় ইঁদুর কী উত্পাত করবে—তা আর বলার অপেক্ষা রাখে না। মোনায়েম ঈদে বাড়ি যাওয়া উপলক্ষ্যে একধরনের বিদেশি বিষ কিনে আনে। দোকানদারের ভাষ্যমতে এই বিষ খাওয়ার দশ মিনিটের মাথায় ইঁদুর মারা যাবেই, আর বিষ অবশ্যই ভালো কোনো খাবারের সঙ্গে মাখিয়ে দিতে হবে। দোকানদারের আত্মবিশ্বাস মোনায়েমকে বিষ কিনতে বাধ্যই করে।
ইঁদুরের বিষ নিয়ে বাসায় ফেরার জন্য মোনায়েম বাসে উঠেছে। বাসে দুইজন যাত্রী সিটে বসে আলোচনা করছে, ‘দেশের যে পরিস্থিতি মাঝে মাঝে মন চায় শালার হয় নিজে বিষ খাইয়া মরি, না হয় দুর্নীতিবাজদের বিষ খাওয়াই দিই। যেখানেই যাবেন সেইখানেই করাপশান। কেউ কারো কথা শুনে না, খালি টাকা চিনে।’
বাস এমন সময় যানজটে আটকা পড়লে পাশের ফুটপাতেই একজন ফেরিওয়ালা হ্যান্ডমাইকে চিত্কার করে ইঁদুরের বিষ বিক্রি করছে। যে দুইজন যাত্রী বাসে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করছিল তারা সেই ফেরিওয়ালার দিকে করুণ দৃষ্টিতে তাকায়।
মোনায়েম দোকানদারের কথামাফিক সব তৈরি করে রাতেই সকল জায়গায় বিষ ছড়িয়ে দিয়েছে। সকালে তারা চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে। ভোরবেলা মোনায়েমের স্ত্রী জেরিন উঠেই গোসল করতে বাথরুমে চলে যায়। মোনায়েম তখনো ঘুমাচ্ছে। জেরিন বের হয়ে মোনায়েমকে ডেকে দেবে, মোনায়েম হাতমুখ ধুয়ে বের হতে হতে বাচ্চাকে উঠিয়ে তৈরি করে দেবে—এই হচ্ছে জেরিনের পরিকল্পনা।
জেরিন বাথরুম থেকে বের হয়ে দেখে মোনায়েম ঘুমাচ্ছে আর বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে। বাচ্চা উঠে মাটিতে খেলছে। খেলতে খেলতে সেই খাবার মাখানো ইঁদুরের বিষ আয়েশ করে খাচ্ছে। জেরিনকে দেখেই বাচ্চাটি খুব সুস্বাদু কিছু খাচ্ছে এমন একটা হাসি দিল।
