বরিশাল বিমানবন্দর ব্যবহার করতে সমঝোতা চুক্তি

আপডেট : ০২ জুন ২০১৩, ২১:২২
বাংলাদেশ বিমান বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে বরিশাল বিমান বন্দর ব্যবহারের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিমান বাহিনী সদর দফতরে গতকাল এই চুক্তি স্বাক্ষর হয়। উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিমান বাহিনীর পক্ষ থেকে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও বঙ্গোপসাগরে অবস্থিত এক্সক্লুসিভ ইকনোমিক জোন এবং উক্ত অঞ্চলের আকাশসীমা পর্যবেক্ষণের জন্য বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধবিমান, বিমান প্রশিক্ষণ ও আকাশ প্রতিরক্ষা র্যাডার পরিচালনা করা সহজতর হবে। এছাড়া স্ট্র্যাটেজিক ও ভৌগলিক অবস্থান বিবেচনা করে বিমান বাহিনীর উড্ডয়ন ও অবতরণ প্রশিক্ষণ, জরুরি অবতরণ, প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরি ত্রাণ বিতরণের জন্য এ বিমান বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নৌ স্কাউটসের ওয়ার্কশপ সম্পন্ন বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌস্কাউটসের ২ দিনব্যাপী আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপ গতকাল রবিবার ঢাকার বনানীস্থ নৌসদরে সমাপ্ত হয়েছে। সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও কমিশনার নৌস্কাউট রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক এম এ ওয়াজেদ বিশেষ অতিথি ছিলেন। ওয়ার্কশপে সকল জেলা নৌস্কাউটস লিডার ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ওয়ার্কশপটি পরিচালনা করেন নৌস্কাউট সচিব লেফটেন্যান্ট কমান্ডার এম ইদ্রিস। -আইএসপিআর