রাঙ্গামাটিতে সংশোধিত ভূমি আইন পাস না করার দাবিতে হরতাল পালিত

আপডেট : ০২ জুন ২০১৩, ২২:১২
জাতীয় সংসদে পার্বত্য ভূমি কমিশন সংশোধন আইন পাস না করার দাবিতে কয়েকটি বাঙালি সংগঠনের ডাকে গতকাল রবিবার রাঙ্গামাটিতে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল সমর্থনে গতকাল রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনগুলো সরকার যেদিন বাঙালিদের স্বার্থ ক্ষুণ্ন্ন করে আইন পাস করবে সেদিন থেকেই রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের হরতাল-অবরোধ কর্মসূচি দেয়া হবে বলে হুমকি দিয়েছে। এদিকে পার্বত্য ভূমি কমিশন সংশোধনী আইন সংসদে পাস না করার দাবি জানিয়ে ৪টি বাঙালি সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর রাঙ্গামাটি জেলা প্রশাসককে স্মারকলিপি পেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য সমঅধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি পেয়ার আহামদ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, সমঅধিকার নেতা অ্যাডভোকেট আবছারউদ্দিন, শহীদ চৌধুরী, জলিল আহম্মেদ, মিজানুর রহমান বাবু প্রমুখ। হরতাল চলাকালে গতকাল সকাল থেকে শহরের সব সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সবধরনের যানবাহন চলাচল করেনি। এছাড়াও অফিস-আদালত চললেও শহরের বেশিরভাগ দোকান ছিল বন্ধ।