যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে টর্নেডোর আঘাতে দুই শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। প্রায় এক লাখ ঘর-বাড়ি বিদ্যুত্হীন হয়ে পড়ে। রাস্তায় কাদা জমে যায়। টর্নেডোয় ওকলাহোমায়ই মারা গেছে ৯ জন। টর্নেডো সৃষ্ট বন্যার কারণে ওকলাহোমার ধ্বংসস্তূপ পরিচ্ছন্ন অভিযান ব্যাহত হচ্ছে। খবর বিবিসি ও এএফপির।
ওকলাহোমার স্বাস্থ্য পরীক্ষা কার্যালয় জানিয়েছে, শুক্রবার রাজ্যে টর্নেডোর আঘাতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে পাঁচ জনকে এখনো শনাক্ত করা যায়নি। ওকলাহোমা শহরের পূর্বে অবস্থিত শেরিফের কার্যালয়গুলো আরো দুই জনের মৃত্যু নিশ্চিত করেছে। মিসৌরিতে মারা গেছে তিনজন। বন্যার কারণে রাস্তাগুলো ডুবে গেছে। ওকলাহোমার জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এক মা ও তার শিশু গাড়িতে করে আন্তঃরাজ্য মহাসড়ক দিয়ে যাবার সময় ঝড়ের আঘাতে মারা যায়। স্থানীয় সমপ্রচার কেন্দ্র কেওসিও জানিয়েছে, আহত ৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দ্য ওকলাহোমা করপোরেশন কমিশন জানিয়েছে, প্রায় ৯১ হাজার ঘর-বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়েছে, ঝড়টি পূর্বদিকে অগ্রসর হচ্ছে। ওহাইয়ো ও মিসিসিপি নদীর উপত্যকায় আঘাত হানতে পারে এটি। শুক্রবার ওকলাহোমায় ১২শত ঘর-বাড়ি ধ্বংস এবং প্রায় ৩৩ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওকলাহোমায় বছরে প্রায় ১২শত টর্নেডো আঘাত হানে যার অধিকাংশই ছোট মাত্রার।
