ভারতের পশ্চিমবঙ্গে ফের ফিরল ভাগাড়-আতঙ্ক! এবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় পাচারের আগে ধরা পড়ল গাড়ি ভর্তি মৃত পশুর পচা মাংস। পুলিশ-প্রশাসন অন্ধকারে থাকলেও, স্থানীয় বাসিন্দাদের উদ্যোগেই বিষয়টি নতুন করে সামনে এসেছে। খবর আনন্দবাজার পত্রিকা
দেগঙ্গার মণ্ডলগাঁতি এলাকায় সোমবার রাতের অন্ধকারে ভাগাড়ে ফেলে দেওয়া পশুর মাংস কাটা হত পাঁচিল ঘেরা একটি নির্জন জায়গায়। পরে সেখান থেকে ম্যাটাডর করে ছোট ছোট টুকরো করা মাংস হোটেল-রেস্তোরাঁয় পাচার করে দেওয়া হত। কলকাতার রেস্তোরাঁগুলোও রয়েছে সেই তালিকায়।
ওই এলাকায় কিছু একটা হচ্ছে তা বুঝতে পেরেছিলেন স্থানীয় বাসিন্দারা। কয়েকদিন ধরে নজর রাখছিলেন তারা। অবশেষে সোমবার রাতে হাতেনাতে ধরা পড়ল গাড়ি ভর্তি ভাগাড়ের মাংস। মধ্যমগ্রাম, কলকাতার বিভিন্ন হোটেলে এই মাংস পৌঁছে দেওয়া হত বলে প্রাথমিকভাবে জানা গেছে। একজন অভিযুক্তকে আটকও করা হয়েছে। এছাড়া বাকিরা পালিয়ে গেছে ।
এই চক্রের মূল মাথা টিটাগড়ের বাসিন্দা ইকবাল আনসারি। ইকবালের খোঁজ তল্লাশি শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের ঢিলেঢালা নজরদারির কারণেই ফের সক্রিয় হয়ে ওঠেছে অসাধু ব্যবসায়ীরা।
