পরমাণু অস্ত্র সংখ্যা বাড়িয়েছে চীন, ভারত ও পাকিস্তান

আপডেট : ০৩ জুন ২০১৩, ২১:১৬
বিশ্বের পরমাণু শক্তিধর তিন দেশ চীন, ভারত ও পাকিস্তান গত এক বছরে তাদের পরমাণু অস্ত্র সংখ্যা বাড়িয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্স ইনস্টিটিউট (এসআইপিআরআই) গতকাল সোমবার তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনে ২০১২ সালে যুদ্ধাস্ত্রের সংখ্যা ছিল ২শ’ ৪০, বর্তমান সংখ্যা আড়াইশ’। একইভাবে পাকিস্তান যুদ্ধাস্ত্রের সংখ্যা প্রায় ১০ বাড়িয়ে ১শ’ থেকে ১২০-এ এবং ভারত ১০ বাড়িয়ে ৯০ থেকে ১১০ এ উন্নীত করেছে। এসআইপিআরআই’র প্রতিবেদনে এ পরিস্থিতিকে এশিয়ার ভঙ্গুর শান্তির জন্য ক্ষতিকর বলে বর্ণনা করেছে। এ প্রসঙ্গে এতে বিশেষ করে ২০০৮ সালের ভারত-পাকিস্তান তীব্র উত্তেজনাকর পরিস্থিতি, চীন-জাপান ও দুই কোরিয়ার মধ্যকার দ্বন্দ্ব তুলে ধরা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বের অন্যতম শক্তিধর দু’দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্রই কেবল তাদের পরমাণু অস্ত্র সংখ্যা হ্রাস করেছে। রাশিয়া অস্ত্র সংখ্যা ১০ হাজার থেকে কমিয়ে ৮ হাজার ৫শ’ করেছে এবং যুক্তরাষ্ট্র ৮ হাজার থেকে ৭ হাজার ৭শ’তে নামিয়ে এনেছে। ফ্রান্স তার অস্ত্র সংখ্যা ৩শ’তে স্থির রেখেছে। একই সঙ্গে ব্রিটেন ২২৫ ও ইসরাইল ৮০ তে তাদের অস্ত্র সংখ্যা সীমাবদ্ধ রেখেছে। এসআইপিআরআই স্বীকার করেছে পরমাণু অস্ত্রের এ সংখ্যা পুরোপুরি সঠিক নাও হতে পারে। কারণ এ বিষয়ে চীন পুরোপুরি অস্বচ্ছ অবস্থানে রয়েছে এবং রাশিয়াও দিন দিন তাদের পরমাণু তথ্য প্রকাশ কমিয়ে দিয়েছে। এদিকে এসআইপিআরআই উত্তর কোরিয়া ও ইরানকে এখনও পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে গণ্য করছে না। যদিও দেশ দুটি একের পর এক পরমাণু কর্মসূচি দিয়ে যাচ্ছে। এটি আরো বলছে, বিশ্বে পরমাণু অস্ত্রের মোট সংখ্যা কমে আসলেও তা পরমাণু হুমকিকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করছে না।