নোভাক জকোভিচ এবং ভিক্টোরিয়া আজারেঙ্কা গতকাল সোমবার বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন। এ দুজন ছাড়াও শীর্ষ বাছাইদের মধ্যে শেষ আটে পা রেখেছেন জার্মানির টমি হাস এবং পোল্যান্ডের অগনেইস্কা রাদওয়ানস্কা।
শেষ ষোলোর লড়াইয়ে গতকাল জকোভিচের প্রতিপক্ষ ছিলেন জার্মানির ফিলিপ কোলস্ক্রেইবার। প্রথম তিনটি ম্যাচে সহজ জয় পেলেও টুর্নামেন্টে এই প্রথমবারের মতো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় জকোভিচকে। প্রথম সেটটি জিতে ম্যাচে এগিয়ে গিয়েছিলেন দ্বাদশ বাছাই কোলস্ক্রেইবারই। তবে চার সেটের লড়াই শেষে পর্যন্ত সার্বিয়ান তারকাই হাসেন বিজয়ীর হাসি। ম্যাচের ফল ছিল ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-৪। তবে কোলস্ক্রেইবার হারলেও জয় পেয়েছেন আরেক জার্মান হাস। দ্বাদশ বাছাই হাস ৬-১, ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন তার রাশিয়ান প্রতিপক্ষ ম্যাথিউ ইয়ুজনিকে।
