আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
দুপচাঁচিয়ার তালোড়া পৌর এলাকার দুবড়া মহল্লার প্রবেশ পথে রাস্তার এক পাশে সিমেন্টের খুঁটির ওপর বিদ্যুতের ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারের নিচ থেকে অসংখ্য তার লাগিয়ে জিগাগাছের সাথে ও লোহার পাইপের খুঁটি বাঁশের খুঁটিতে বেঁধে বিভিন্ন বাসাবাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। পাইপ ভেঙে ও হেলে যাওয়ায় তাতে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে। এতে যে কোনো সময় খুঁটি ভেঙে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় তালোড়া খন্দকার আবুল কাসেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই খন্দকার বলেন, এ মহল্লায় তিনটি সেচযন্ত্র ও প্রায় ২শ বাড়িতে বৈধ বিদ্যুত্ সংযোগ দেওয়া থাকলেও আজ পর্যন্ত কোনো সিমেন্টের খুঁটি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে গাছ ও বাঁশের খুঁটিতেই বিদ্যুতের সংযোগ নিয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন তারা। সিমেন্টের খুঁটির জন্য যোগাযোগ করা হয়েছে। কিন্তু স্থায়ী সিমেন্টের খুঁটি পাওয়া যায়নি। এদিকে বাড়িতে বিদ্যুতের সংযোগ নেওয়া বেশ কয়েকজন গ্রাহক জানান, এত বছর ধরে বিদ্যুত্ ব্যবহার করে আসছি এবং বিলও দিয়ে আসছি। কিন্তু মহল্লার ভিতরে সংযোগের সিমেন্টের খুঁটি আজও পেলাম না।
দুপচাঁচিয়া বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী সাজ্জাত হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই। তবে ওই এলাকায় গিয়ে সমস্যাগুলো খতিয়ে দেখে তা সমাধানের ব্যবস্থা করা হবে।
