ছাতকে লন্ডনী বৃদ্ধের কান্ড!

আপডেট : ০৩ জুন ২০১৩, ২২:২৬
উপজেলার সাদারাই গ্রামের এক লন্ডন প্রবাসীর ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিবাহিতা এক ষোড়শিকে স্ত্রী পরিচয়ে আটকে রেখেছে ৮৫ বছর বয়সের ওই লন্ডন প্রবাসী আব্দুল মকদ্দুছ আলী। তার এহেন কার্যকলাপে গত ক’মাস ধরে এলাকায় কানাঘুষা চলে আসছে। শুক্রবার রাতে মুক্তাকে লন্ডনীর বাড়ি থেকে উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন স্বামী রাজমিস্ত্রি মনির হোসেন। পরে তাকে হাত-পা বেেঁধ গণধোলাই দিয়ে শনিবার ভোরে ডাকাত বলে ছাতক থানায় সোপর্দ করা হয় মনিরকে। বর্তমানে মনির পুলিশ হেফাজতে চিকিত্সাধিন রয়েছে। জানা যায়, প্রায় ১০ মাস আগে জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের মুক্তা পারভিনকে বিয়ে করে মনির হোসেন। বিয়ের কিছুদিন পর মনির রাজমিস্ত্রির কাজে কুমিল্লা যায়। মনিরের অনুপস্থিতিতে কৌশলে তার এক আত্মীয়র মাধ্যমে লন্ডনীর বাড়িতে নিয়ে যায় মুক্তাকে। এরপর আব্দুল মকদ্দুছ আলীর কু-নজরে পড়ে মুক্তা। তার বাড়িতে মুক্তাকে ৩মাস আটকে রেখে স্বামী-স্ত্রীর মতো মেলামেশায় লিপ্ত হয়। এক পর্যায়ে মুক্তা মোবাইল ফোনে তার স্বামীকে ঘটনাটি জানিয়ে তাকে উদ্ধার করার কথা বলে। শুক্রবার রাতে মুক্তাকে উদ্ধার করতে গিয়ে মকদ্দুছ আলীর লালিত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয় মনির হোসেন। আহত মনির জানান, তার নির্দেশে হাত-পা বেঁধে মনিরের উপর চালানো হয় অমানষিক নির্যাতন। পরে রাত ৩টার দিকে মুমুর্ষ অবস্থায় মনিরকে ডাকাত বলে জাউয়া পুলিশ কেন্দ্রে নিয়ে গেলে পুলিশ শারীরিক অবস্থা দেখে তাকে গ্রহন করেনি। ভোরে মনিরকে একই কথা বলে ছাতক থানায় সোপর্দ করা হয়। এ সময় মনিরকে নিয়ে আসা সাদারাই গ্রামের সন্ত্রাসী আলমগীর ও আব্দুল অদুদকে আটক করে পুলিশ।