বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পাঁচ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। বিভাগটির সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আক্কাছ আলীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তকালে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ এনে ওই পাঁচ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।
কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র মো. মেহেদী হাসান (স্নাতকোত্তর), বিষ্ণু চন্দ্র সরকার (৩য় বর্ষ), মো. মেজবাউল হাসান (৪র্থ বর্ষ), মো. রাশেদুজ্জামান সিকদার (৪র্থ বর্ষ) ও সুকান্ত কুমার ঘোষকে (৪র্থ বর্ষ) এ নোটিস করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ কারণ দর্শানোর নোটিস দেওয়ার কথা স্বীকার করে বলেন, আন্দোলন চলাকালে শিক্ষকদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয় ওই পাঁচ শিক্ষার্থী। এ ব্যাপারে পাঁচ শিক্ষার্থীকে কারণ দর্শানোর জন্য শৃঙ্খলা বোর্ড আমাকে চিঠি দেয়। এর প্রেক্ষিতে আমি কারণ দর্শানোর নোটিস দিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেওয়ার জন্য ওই পাঁচ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
