সাতক্ষীরা জেলার আম সংগ্রহের সময়সূচি

আপডেট : ১০ মে ২০১৯, ২১:২৮

সাতক্ষীরা প্রতিনিধি

‘আমের রাজ্য’ খ্যাত সাতক্ষীরা জেলার গাছ থেকে আম সংগ্রহের সময়সূচি প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় এ সময়সূচি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম।

জেলা প্রশাসনের দেওয়া সময়সূচি অনুযায়ী গোবিন্দভোগ আম আগামী ১২ মে গাছ থেকে পেড়ে তা বাজারজাত করতে পারবে জেলার আম চাষিরা। এ ছাড়া গোপালভোগ আম ১৫ মে, হিমসাগর ২২ মে, ল্যাংড়া ২৯ মে এবং আম্রপলি আম ১৮ জুন গাছ থেকে পেড়ে বাজারজাতকরণের সময় নির্ধারণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, কলারোয়া উপজেলা কৃষি অফিসার মহসীন আলী, তালা উপজেলা কৃষি অফিসার সুধাংশু শেখর দাশ, বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রওশন আলী, আম চাষি জাহাঙ্গীর হোসেন, মোকসেদ মোড়লসহ জেলার আম ব্যবসায়ী ও চাষিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস প্রতিনিধি।