একই ডিভাইসে অ্যান্ড্রয়েড-উইন্ডোজ

আপডেট : ০৪ জুন ২০১৩, ১৯:৫৪
তাইওয়ানে শুরু হয়েছে এশিয়া অঞ্চলের অন্যতম বৃহত্ প্রযুক্তি পণ্য প্রদর্শনী কম্পিউটেক্স। অন্যান্যবারের মতো এবারেও চমকজাগানো সব পণ্য নিয়ে হাজির হয়েছে এই প্রদর্শনী। এর মধ্যে শুরুতেই সম্পূর্ণ নতুন ধারার এক থ্রি-ইন-ওয়ান ডিভাইস নিয়ে হাজির হয়েছে আসুস। ‘আসুস ট্রান্সফর্মার বুক ট্রায়ো’ নামের এই ডিভাইসটি একইসাথে ব্যবহার করা যাবে একটি নোটবুক, ট্যাবলেট পিসি এবং ডেস্কটপ পিসি হিসেবে। এর নোটবুক ও ডেস্কটপের জন্য এটি একদিকে ব্যবহার করবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অন্যদিকে ট্যাবলেট পিসি চালানোর জন্য এটি ব্যবহার করবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। দুইটি অপারেটিং সিস্টেমই একইসাথে চলবে এই ডিভাইসে। আর তাতে করে মুহূর্তেই এক অপারেটিং সিস্টেম থেকে সুইচ করা যাবে আরেকটিতে। নোটবুক, ডেস্কটপ বা ট্যাবলেট পিসির প্ল্যাটফর্ম থেকে তথ্যগুলোকেও সিনক্রোনাইজ করা যাবে সহজেই। এতে রয়েছে ১১.৬ ইঞ্চি আকৃতির ডিসপ্লে। রেজ্যুলেশনের দিক থেকে এটি ১০৮০ পিক্সেল সমর্থন করবে। আসুস আশা করছে হাইব্রিড এই ডিভাইসটি প্রযুক্তি বিশ্বে নতুন একটি ধারা তৈরি করতে সমর্থ হবে।