ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুয়া খেলাকে কেন্দ্র করে এক জুয়াড়ির জুতার আঘাতে অপর জুয়াড়ি রব মিয়া (৫৫) নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার উজানচর ইউনিয়নের বুধাইরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রব মিয়া বুধাইরকান্দি এলাকার আজগর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জুয়া খেলার একপর্যায়ে সামসু মিয়া ও রব মিয়া তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। পরে দুইজন নিজেদের পায়ের জুতা হাতে নিয়ে ঝগড়া শুরু করেন। এসময় সামসু মিয়ার জুতার আঘাতে রব মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী জানান, ঘটনার পর অভিযুক্ত সামসু মিয়া পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
