স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে শিশুদের মধ্যে মারামারির ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে প্রতিবেশীর বাড়িতে হামলা, ভাঙচুর, আমগাছ কেটে ফেলাসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে রাতেই নগরীর রাজপাড়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী নূরুজ্জামান। মামলা সূত্রে জানা গেছে, ঘটনার রাতে নগরীর ভাটাপাড়ার কামরুজ্জামানের ছেলে মাহির সঙ্গে একই এলাকার তুহিনের ছেলে সিয়ামের মধ্যে মারামারি হয়। এ সময় নূরুজ্জামানের ছেলে জুনায়েদ আহমেদ নাফিজ মাহিকে উদ্ধারে এগিয়ে গেলে সিয়াম তাকেও মারপিট করে। নাফিজও সিয়ামকে মারপিট করে। পরে সিয়ামের বাবা তুহিনসহ বেশ কয়েকজন নূরুজ্জামানের বাড়িতে এসে শাসিয়ে যান। রাত ১২টার দিকে তুহিনসহ আরো ২০/২৫ জনের একটি দল রাম দা, চাইনিজ কুড়াল ও লাঠিসোঁঠাসহ নূরুজ্জামানের বাড়িতে হামলা চালান। এ সময় তারা নূরুজ্জামানের বাড়ির ভিতরে থাকা একটি আমগাছ ও বাড়ির ছাদে উঠে পানির ট্যাঙ্কি কেটে ফেলে। যাওয়ার সময় পর পর দুটি ককটেলও বিস্ফোরণ করে।
নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত তুহিন, সাইফুলসহ অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। হামলাকারীরা পলাতক রয়েছে।
