মানুষের সৃজনশীলতাকে গুরুত্ব দিলে সকল সমস্যার সমাধান সম্ভব

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:৩৬
নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের সৃজনশীলতাকে গুরুত্ব দিলে সকল সমস্যার সমাধান সম্ভব হবে। থাকবে না কেউ কর্মহীন। সামাজিক ব্যবসা বিকাশে মহাদেশগুলোর মধ্যে আফ্রিকাই অধিক শক্তি রাখে। মরক্কোর মারাক্কেসে আফ্রিকা ডেভল্পমেন্ট ব্যাংকের গভর্নিং বোর্ডের বার্ষিক সভায় গত শুক্রবার প্রধান বক্তা হিসাবে তিনি এ কথা বলেন। এছাড়াও আফ্রিকা ডেভল্পমেন্ট ব্যাংকের হিউমেন ডেভল্পমেন্ট বিভাগের আয়োজনে সামাজিক ব্যবসা নিয়ে উচ্চ পর্যায়ের সেমিনারে তিনি ছিলেন প্রধান বক্তা। প্রায় ৬০০ জন এ সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি বলেন, ভবিষ্যতে সারা পৃথিবীর জন্য আফ্রিকা খাদ্য ও জ্বালানি শক্তির উত্স হবে। এমনকি এ উত্পাদন হার দ্বিগুণও হতে পারে। উল্লেখ্য এ বছরের শুরুতে আফ্রিকা ডেভল্পমেন্ট ব্যাংক অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে আফ্রিকার তিউনিশিয়া ও উগান্ডায় সামাজিক ব্যবসার কার্যক্রম শুরু করে। এ দুটি দেশেই সামাজিক ব্যবসার ধারণায় প্রবর্তন করা প্রতিষ্ঠানের নাম যথাক্রমে ‘ইউনূস সোসাল বিজনেস তিউনিশিয়া ও উগান্ডা। প্রাথমিক অবস্থায় প্রতিষ্ঠানগুলো দুই পর্বে তাদের কার্যক্রম পরিচালনা করবে। প্রাথমিক অবস্থায় সামাজিক ব্যবসার উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং পরবর্তী সময়ে সামাজিক ব্যবসার ধারণার ভিত্তিতে গড়ে উঠা প্রতিষ্ঠানে কীভাবে তহবিল ব্যবহার করা যায় তা নিয়ে কাজ করবে। ধারাবাহিকভাবে সামাজিক ব্যবসার কার্যক্রম মিসর, তাঞ্জানিয়া, সেনেগাল, আইভোরি কোস্ট, টঙ্গো ও মরক্কোতে প্রসারের পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।