রায়পুরে মাছ ঘাট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে পনেরো জন আহত

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৩২

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা 

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীর তীরে অবৈধ মাছ ঘাট দখল নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর জখম ৯ জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে মেঘনা নদীর তীর চান্দার খাল নামক স্থানে। পরে রায়পুর থানা ও স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফাঁড়ি থানার পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা নদীর তীরে চরবংশী ইউনিয়নের চান্দার খাল নামক স্থানে দীর্ঘদিন ধরে সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন হাওলাদার সংস্কার করে মাছ ঘাট দিয়ে ব্যবসা করছেন। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আলতাফ হোসেনসহ তার কমিটি বিলুপ্ত করে স্থানীয় ওসমান খানকে আহবায়ক করে ছয় সদস্যের কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগ। ওই থেকে ওসমান খান ও আলতাফ হোসেনের অনুসারীদের সাথে কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়াসহ মারামারি হয়। এতে উভয়পক্ষ একাধিক মামলাও করেন। এর জের ধরে শুক্রবার সকালে ওসমান খান নতুন একটি মাছ ঘাট করতে গেলে এতে বাধা দেয় আলতাফ হোসেন হাওলদারের অনুসারী মফিজ খাঁ, আজগর সর্দার ও সুমন হাওলাদারসহ কয়েকজন। এতে উভয়পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষে ১৫ জন আহত হয়। এই ঘটনার পর আবারো দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান  মিয়া জানান, ঘটনায় শুনেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দু’পক্ষকে শান্ত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা বা কোনো পক্ষ লিখিত কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।