ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:৪৮
প্রকৌশল কর্মক্ষেত্রের সুষ্ঠু কর্মপরিবেশ রক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য কমানোর দাবিতে প্রতীক অনশনসহ মাসজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে এ সংক্রান্ত গঠিত পেশাজীবী সংগ্রাম পরিষদ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের সদস্য সচিব খন্দকার মাইনুর রহমান ও পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. ফজলুল হক মল্লিকসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৯ জুন জেলা পর্যায়ে সংবাদ সম্মেলন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হবে। ১০ জুন দেশব্যাপী বিভিন্ন সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অফিস সময়ের পর অতিরিক্ত ১ ঘণ্টা কাজের কর্মসূচি পালন করবেন। ১১-১৩ জুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষকরা ২ দফা দাবি সংবলিত ব্যাজ পরিধান ও ঢাকায় বিভিন্ন দপ্তরে সমাবেশ, ১১ জুন সিলেট ও খুলনার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়। ১৮-২০ জুন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বরিশাল ও রাজশাহী অঞ্চল, ১২ জুন ঢাকা, কুমিল্লা ও ফরিদপুর অঞ্চল, ১৩ জুন চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে প্রতিবাদ সমাবেশ, ১৬ জুন জাতীয় প্রেসক্লাব চত্বরে ব্যাজ ধারণসহ বিক্ষোভ সমাবেশ, ১৪-১৭ জুন জেলা পর্যায়ে রাজনৈতিক নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবীদের নিয়ে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ। ২৩ জুন সকল প্রশাসনিক ও সাংগঠনিক জেলায় ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতীক অনশন এবং ২৬ জুন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতীক অনশন কর্মসূচি পালন করা হবে। এরমধ্যে দাবি পূরণ না হলে ১ জুলাই পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।