২০ বছর আগে এই ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। দুঃখজনকভাবে সেই বিশ্বকাপ চলাকালীন চাকরি হারিয়েছিলেন বাংলাদেশের বিখ্যাত ক্যারিবীয় কোচ গর্ডন গ্রিনিজ। সেই ইতিহাস ফিরে আসার গুঞ্জন শোনা যাচ্ছে। এবার আবার বাংলাদেশ যখন ইংল্যান্ড বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তখন শোনা যাচ্ছে বাংলাদেশ দলের ক্যারিবীয় বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অধ্যায় এখানেই শেষ হতে যাচ্ছে।
ওয়ালশের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিই ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। বিসিবির কিছু সূত্রই বলছে, তার সঙ্গে বিশ্বকাপের পর আর চুক্তি নবায়ন করবে না তারা। সে ক্ষেত্রে এই ইংল্যান্ড থেকেই শেষ হয়ে যাবে বাংলাদেশে কিংবদন্তি বোলার ওয়ালশের অভিযান। তবে বিসিবি আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে রাজি নয়।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন বললেন, ওয়ালশের ব্যাপারে কোনো ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্ত বোর্ড গ্রহণ করেনি। তবে যেহেতু তার চুক্তি শেষ হয়ে যাবে, একটা অনিশ্চয়তা থাকবে বলেই তিনি বললেন, ‘শুধু ওয়ালশ নন, টিম ম্যানেজমেন্টের অনেকের সঙ্গেই আমাদের চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। এই আসর শেষ হয়ে গেলে টিম ম্যানেজমেন্টে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। সেটা সব দেশেই হয়। শুধু আমাদের দিক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, তা নয়। কেউ নিজেও আর চালিয়ে না যাওয়ার কথা ভাবতে পারেন। সবমিলিয়ে কিছু পরিবর্তন তো হয়ই। তবে ওয়ালশের ব্যাপারে কোনো কিছু এখনো পর্যন্ত আমরা সিদ্ধান্ত নেইনি।’
২০১৬ সালে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ওয়ালশ। তখনই তার সঙ্গে এই বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করে বোর্ড। এর মধ্যে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে হঠাত্ দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে গত বছরের শেষ থেকে এই বছরের শুরু পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন ওয়ালশ। পরে স্টিভ রোডস দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর আবার পুরনো ভূমিকায় ফিরে গেছেন।
খেলোয়াড়ী জীবনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২টি টেস্ট, ২০৫টি ওয়ানডে খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজ, জ্যামাইকা ও গ্লুস্টারশায়ারের হয়ে ৪২৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন অত্যন্ত পরিশ্রমী ও নিবেদিত এই ফাস্ট বোলার। টেস্টে এক সময়ের রেকর্ড ৫১৯ উইকেটের মালিক তিনি। পাশাপাশি নিয়েছেন ২২৭টি ওয়ানডে উইকেট। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮০৭টি উইকেট শিকার করেছেন কোর্টনি ওয়ালশ।
তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হলেও এই তিন বছরে দলে ও বাংলাদেশের ক্রিকেটে ওয়ালশের অবদান নিয়ে সন্তুষ্ট বিসিবি। এই সন্তোষ প্রকাশ করে সুজন বলছিলেন, ‘ওয়ালশ একজন কিংবদন্তি। তার উপস্থিতি বাংলাদেশ দলে ও বাংলাদেশের ক্রিকেটে যে ভ্যালু অ্যাড করে, তা অসামান্য। আমরা তার প্রতি সবসময়ই কৃতজ্ঞ।’
