মিয়ানমারে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি শহরে পুলিশের গুলিতে তিন রোহিঙ্গা মুসলিম নারী নিহত হয়েছে। গতকাল বুধবার একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র থেকে অন্যত্র সরানোর প্রতিবাদে রোহিঙ্গারা বিক্ষোভ করলে পুলিশ গুলি চালায়। খবর বিবিসির।
নিহত নারীদের একজন গর্ভবতী। রাখাইন রাজ্যের ম্রোক ইউ শহরের কাছের রোহিঙ্গা মুসলিমদের একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র আছে। স্থানীয় অধিবাসীরা জানিয়েছে, আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের অন্যত্র সরানোর জন্য পুলিশ শ্রমিক এবং যন্ত্রপাতি নিয়ে আসলে তারা বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাদের ওপর গুলিবর্ষণ করে এবং তিনজন মারা যায়। তবে হঠাত্ করে পুলিশ কেন গুলি চালিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। গত বছরের প্রথমদিকে রাখাইন রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এসব সহিংসতায় বহু লোক নিহত হয় যাদের অধিকাংশই ছিল মুসলমান। আর রাজ্যের ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।
