১৫ বিশ্ববিদ্যালয়ে মাইক্রোসফটের প্রতিনিধি নিয়োগ

আপডেট : ০৬ জুন ২০১৩, ১৯:২৭
দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোসফট প্রদান করছে বিনামূল্যে মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যার। ‘মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার্স’ প্রোগ্রামের আওতায় চুক্তিবদ্ধ এই ১৫টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবারে প্রতিনিধি নিয়োগ শুরু হয়েছে। এসব প্রতিনিধিদের মূল কাজ হবে বিনামূল্যে প্রদান করা মাইক্রোসফটের সফটওয়্যারগুলো ব্যবহার করে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করা। এসব প্রতিনিধিদের মাইক্রোসফট প্রোগ্রামিং এবং অ্যাপস ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের শিক্ষার্থীরা মাইক্রোসফটের প্রতিনিধি হওয়ার জন্য আবেদন করতে পারবেন http://aka.ms/applyMSP ওয়েব ঠিকানায়। মাইক্রোসফটের সাথে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক চুক্তি হয়েছে কি না, তা শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে জেনে নিতে হবে। প্রতিনিধি নিয়োগের ব্যাপারে মাইক্রোসফটের টেকনিক্যাল ইভাঞ্জেলিস্ট তানজিম সাকীব বলেন, ‘শিক্ষার্থীদের বিনামূল্যে হাজার ডলারের সফটওয়্যার ব্যবহারের সুযোগ করে দেওয়ার পাশাপাশি সেগুলো ব্যবহার করে তাদের প্রোগ্রামিংয়ে দক্ষতা উন্নত করার জন্যই মাইক্রোসফটের এই কর্মপরিকল্পনা। এই প্রোগ্রামের আওতায় সি#, উইন্ডোজ ও উইন্ডোজ ফোন অ্যাপ উন্নয়নে নিয়োগকৃত প্রতিনিধিদের দক্ষ করে গড়ে তোলা হবে, যা তাদের স্বনির্ভর হয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করবে।’ পাশাপাশি আন্তর্জাতিক প্রোগ্রামিং ও সফটওয়্যার প্রতিযোগিতাগুলোতেও ভালো করার সুযোগ তৈরি হবে বলে জানান তিনি। উল্লেখ্য, মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার (এমএসপি) প্রোগ্রামটি দেশের অন্যতম বৃহত্ একটি শিক্ষার্থী নেটওয়ার্ক। নানা দেশের ইমাজিন কাপ বিজয়ী এবং মাইক্রোসফটের কর্মকর্তাদের অনেকেই শিক্ষার্থী জীবনে এমএসপি ছিলেন। এমএসপি প্রোগ্রাম কারিগরি দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ দেয়। পুরো প্রোগ্রামটির জন্য শিক্ষার্থীদের কোনো খরচ নেই। এ পর্যায়ে জুন মাসের মধ্যে আবেদন সম্পন্ন করার আহবান জানিয়েছে মাইক্রোসফট।