পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পার্লামেন্ট সদস্যদের সরাসরি ভোটে বুধবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে তিনি এ আহ্বান জানান। পার্লমেন্টে এমপিদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, “আমরা অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করি। আর তাই তাদেরও আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করা উচিত। এ হামলা বন্ধ হতে হবে।” নওয়াজ শরীফ আরো বলেন, “ড্রোন হামলা বন্ধে যৌথভাবে কোনো কৌশল বের করা জরুরি। আমাদের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ খেকে আমাদেরকে শিখতে হবে, তেমনি তাদেরকে নিয়ে আমাদের উদ্বেগও প্রকাশ করতে হবে। এ বিষয়টি সমাধানের একটি উপায় আমাদেরকেই খুঁজে বের করতে হবে। নিত্যদিনের এই ড্রোন বৃষ্টি অবশ্যই বন্ধ হতে হবে”, বলেন শরীফ। তবে কিভাবে ড্রোন হামলা বন্ধ করা হবে সে ব্যাপারে বিস্তারিত তেমন কিছু বলেননি তিনি।
ভাষণে ড্রোন হামলার বিষয়টি ছাড়াও তালেবানের সন্ত্রাসী তত্পরতা, বেকারত্ব ও ভয়াবহ বিদ্যুত্ সংকটের মতো বিষয়গুলো সমাধানের ওপর গুরুত্ব দেন শরীফ। গত ১১ মে পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় নওয়াজের দল পিএলএম-এন। এরপর বুধবার পার্লামেন্টের ভোটে তৃতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন নওয়াজ শরীফ, প্রায় ১৪ বছর আগে সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছিলেন যিনি। পার্লামেন্টের ৩৪২ সদস্যের মধ্যে ২৪৪ জনেরই সমর্থন পান তিনি।
