অধিনায়ক হিসেবে কখনো বিশ্বকাপ জিততে পারেননি। কিন্তু ভারতের সর্বকালের সেরা অধিনায়কের ছোট তালিকাতেও তার নাম থাকে। সেই মোহাম্মদ আজহারউদ্দিন বলেছেন, এবার বিশ্বকাপ ভারত না জিতলে সেটা হতাশার ব্যাপার হবে।
আজহার বলছিলেন, তাদের ভারতীয় দল যেভাবে সম্প্রতি উন্নতি করেছে, তাতে তাদের বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে, ‘ভারতের এবার খুব ভালো সম্ভাবনা আছে। কারণ, আমাদের দল এবার খুব ভারসাম্যপূর্ণ। আমাদের ভালো বোলার আছে, ভালো ব্যাটসম্যান আছে। আর আমাদের ফিল্ডিং এখন খুব ভালো। গত কিছুদিনে এটা অনেক উন্নত হয়েছে।’
সবমিলিয়ে তিনটি বিশ্বকাপে অধিনায়কত্ব করা আজহার মনে করেন, বিশ্বকাপ না জেতাটাই হবে ভারতের জন্য হতাশার, ‘এই দলটা বিশ্বকাপ না জিতলে আমি খুব হতাশ হব। আমি আশা করছি, তারা ট্রফিটা নিয়েই ফিরবে।’
ভারতের অনেক ভালোর মধ্যে একটা খারাপ ব্যাপার হলো— আইপিএলে অধিনায়ক বিরাট কোহলির সময়টা খুব খারাপ গেছে। আজহার অবশ্য এতে চিন্তার কোনো কারণ দেখেন না। তিনি বলছিলেন, ‘জীবনে উত্থান-পতন থাকেই। কিন্তু রেকর্ড ও পরিসংখ্যান বলছে, চিন্তার কোনো কারণ নেই। আমি মনে করছি, সে (কোহলি) তার সেরাটা বিশ্বকাপের জন্যই জমিয়ে রেখেছে।’
