শেখ রাসেলে ফিরছেন জাহিদ মিঠুনরা

আপডেট : ০৬ জুন ২০১৩, ২২:২৭
পেশাদার লিগ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র, লিগ শেখ শেষ করার আগেই তাদের দল ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। সেই ভাঙ্গা দলটি আবার গড়ে তুলতে দল ছেড়ে যাওয়া খেলোয়াড়দেরকে ঘরে ফিরিয়ে আনছে। মোটা অংকের অর্থ পেয়ে নিজের ঘরে ফিরতে শুরু করেছেন খেলোয়াড়রা। বিভিন্ন সূত্রে জানা গেছে, স্ট্রাইকার মিঠুন চৌধুরী আবাহনীর কাছ থেকে আগাম এক লাখ টাকা পারিশ্রমিক নিয়ে সেখানে খেলবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু সেই মিঠুন আবার শেখ রাসেলের খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। জানা গেছে, ৩০ লাখ টাকায় চুক্তি সম্পন্ন করেছেন মিঠুন। মোহামেডানে চলে যাওয়া শেখ রাসেলের স্ট্রাইকার এমিলি, উইংগার জাহিদ হোসেন, শাকিল এবং মামুন মিয়া আবার ফিরছেন শেখ রাসেলে। শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী গতকাল বিকালে সুপার কাপ ফুটবলের ড্র অনুষ্ঠানে যোগ দিতে এসে কথা প্রসঙ্গে জানিয়েছেন, আমরা দল গড়ে তোলার চেষ্টা করছি।’ একটা ভালো দল গড়ার জন্য আবার কোমর বেঁধে নেমেছেন সভাপতি। স্পন্সর পাচ্ছেন তাই ক্লাবটিকে শক্তিশালী দলে পরিনত করতে দলের খেলোয়াড়দের ছুটে যেতে দিচ্ছেন না। এমিলি, শাকিল, মামুন মিয়াসহ যেসব ফুটবলার অন্য ক্লাবের কাছ থেকে আগাম অর্থ গ্রহণ করেছেন। সেখান থেকে ফিরিয়ে এনে মোটা অংকের পারিশ্রমিক তুলে দিয়ে পছন্দের খেলোয়াড়কে রেখে দিচ্ছে ক্লাব। জানা গেছে, উইংগার জাহিদ হোসেন মোহামেডানের সাথে কথা দিলেও তিনি কাল শেখ রাসেলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ৩৫ লাখ টাকা পারিশ্রমিকে। এমিলি পুত্র সন্তানের বাবা হয়েছেন। কিন্তু সাত মাসেই জন্ম নেয়া শিশু পুত্রটির শারীরিক অবস্থা একটু জটিল বলে এমিলিকে সন্তানের পাশে থাকতে হচ্ছে। দুই ভাই এমিলি ও শাকিল শেখ রাসেলে ফিরতে পারেন বলে জানা গেছে। সর্বশেষ কথা হচ্ছে খেলোয়াড়রা যেখান থেকেই টাকা গ্রহণ করুন না কেন। বাফুফের চুক্তিপত্রে যে ক্লাবের নাম খেলোয়াড়ের স্বাক্ষর থাকবে তিনি সেই ক্লাবেই খেলবেন।