রেকর্ডের চূড়ায় ইয়াসির

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২১:২৩

প্রথম ইনিংসে পেয়েছিলেন আট উইকেট। দ্বিতীয় ইনিংসে পেলেন মোট চারটা। সব মিলিয়ে গতকাল টেস্টের এক ইনিংসে ১৪টি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ।

আর এর ফলে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ইনিংস ও ১৬ রানের বিশাল ব্যবধানে হারালো পাকিস্তান। এই জয়ে টেস্ট সিরিজে এখন ১-১ সমতা। তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষটি শুরু হবে আগামী তিন ডিসেম্বর।

প্রথম ইনিংসে মাত্র নব্বই রানে অল আউট হওয়া নিউজিল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হওয়ার আগে করতে পারে ৩১২ রান। এরপরও দুই ইনিংস মিলে পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৪১৮ রান থেকে ১৬ রান দূরে ছিল সফরকারীরা। রস টেলর ৮২ ও টম ল্যাথাম ৫০ রান করেন। প্রথম ইনিংসে ৪১ রানে ৮ উইকেট নেওয়া ইয়াসির দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে ৬ উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। 

গতকাল অনেকগুলো নতুন রেকর্ড ছুঁয়েছেন ইয়াসির শাহ। এর আগে মাত্র একজন পাকিস্তানি বোলারই এক টেস্টে ১৪ উইকেট পেয়েছিলেন। তিনি হলেন স্বয়ং ইমরান খান। সেটাও আবার সেই ১৯৮২ সালের ঘটনা। ইয়াসির শাহ এবার সেই ৩৬ বছরের পুরনো কীর্তি ছুঁলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই এক টেস্টে যেকোনো বোলারের সেরা বোলিং ফিগার।

৩২টি টেস্ট শেষে ইয়াসিরের উইকেট সংখ্যা এখন ১৯৫টি। এত দ্রুততম সময়ে আর কোনো বোলারই এতগুলো উইকেট নিতে পারেননি। সিড বার্নস ২৭ টেস্টে নিয়েছিলেন ১৮৯ উইকেট। আর ৩২ টেস্ট শেষে সর্বোচ্চ উইকেট এর আগে ছিল ইয়াসিরেরই স্বদেশি পেসার ওয়াকার ইউনুসের।