গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হালকা রসিকতার মধ্য দিয়ে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। বিকাল ৩টা ১২ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অর্থমন্ত্রী অধিবেশন কক্ষে প্রবেশ করেন। তার ডান হাতে ছিলো সম্পূরক ও প্রস্তাবিত বাজেট বিষয়ক সেই চিরপরিচিত কালো ব্রিফকেইস।
পূর্ববর্তী প্রজন্মের সাথে ঘনিষ্ঠতা!
বাজেট বক্তৃতা শুরু করার আগেই অর্থমন্ত্রী ফ্লোর নিয়ে স্পিকারের প্রশংসা করে কিছু কথা বলেন। এ সময় স্পিকারের মুখে মৃদু হাসির রেখা ফুটে উঠে। অর্থমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার, আপনার পিতা রফিকুল্লাহ চৌধুরী আমার এক সময়ের সহকর্মী ও মাতা আমার ভগ্নিসম বেগম নাইয়ার সুলতানা দু’জনই আমার অত্যন্ত আপনজন ছিলেন। তাদেরও পূর্ববর্তী প্রজন্মের সাথে আমার বেশ ঘনিষ্ঠতা ছিলো।
‘চলার রাস্তা কুসুমাস্তীর্ণ নয়’
অর্থমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার, আপনি মধুর ব্যবহারে সবাইকে মোহিত করেন। আপনার বিভিন্ন কাজকর্মে উচ্চমানের জ্ঞান এবং দক্ষতার পরিচয় রাখেন, তারই স্বীকৃতি আজকে আপনার এই সম্মান। আপনার চলার পথ মোটেই কুসুমাস্তীর্ণ নয়। দেশে সন্ত্রাস, অসহিষ্ণুতা এবং দুর্নীতি যেভাবে রাজনৈতিক অঙ্গনকে কলুষিত করেছে, সেখানে একটি সুন্দর পরিবেশে সকলকে নিয়ে সংসদের ভাবমূর্তি উদ্ধার ও পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখা খুবই দুরূহ কাজ।
না চাইতেই অনুমতি
স্পিকার প্রথমেই বলেন, মাননীয় অর্থমন্ত্রী, আপনি চাইলে বসে বক্তব্য রাখতে পারেন। এ সময় অধিবেশন কক্ষে সবাই অর্থমন্ত্রীর দিকে তাকান। পরে অর্থমন্ত্রী বলেন, আমি দাঁড়িয়েই বক্তব্য রাখবো। তবে মাঝে মধ্যে বসে বলতে হতে পারে। আপনি আগেই অনুমতি দিয়েছেন। তারপরও আমি বসে বলার জন্য আপনার নিকট অনুমতি চাইলাম।
বিকাল ৩টা ২০ মিনিটে অর্থমন্ত্রী দাঁড়িয়ে সম্পূরক বাজেট (২০১২-২০১৩) বক্তৃতার সূচনা করেন। তিনি বলেন, মাননীয় স্পিকার, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে বলার পর বসে বলবো। একটানা ১৫ মিনিট বলার পর তিনি বসে বক্তব্য রাখেন। আর বক্তব্য শেষ করার দু’মিনিট আগে দাঁড়ান। একটানা এক ঘণ্টা দুই মিনিট সময় নিয়ে বিকাল ৪টা ২২ মিনিটে তিনি বক্তব্য শেষ করে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতা শুরু করেন।
শূন্য টেবিলের শোভা বাজেট ডকুমেন্ট!
গতকাল বিরোধী দল অধিবেশনে যোগদান করেনি। গত বুধবারই বিরোধী দলের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছিলো, তারা বাজেট পেশের দিন উপস্থিত থাকবেন না। আর তাই গতকাল তাদের আসনগুলো শূন্য থাকলেও যথারীতি টেবিলের শোভা বর্ধন করে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ডকুমেন্ট।
