প্রথমবারের মত বক্সিং-ডে ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ২৬ ডিসেম্বর বক্সিং ডে’তে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকস ফল বলেন, ‘বক্সিং-ডে টেস্ট আমাদের জন্য একটি বড় ইভেন্ট এবং ঐ ম্যাচটির জন্য এক মাস ধরে আমরা উন্মুখ হয়ে আছি। ঐতিহ্যগতভাবে এই ম্যাচটি দিয়ে সেঞ্চুরিয়নে নতুন মাত্রা যোগ হবে এবং এটি ইতিহাসের পাতায় জায়গা করে নিবে। আমরা পাকিস্তানকে চমত্কার প্রতিপক্ষ হিসেবে পেয়েছি।’ তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে ১৫ জানুয়ারি। এরপর ১৯ জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
