১১ ম্যাচ পর মোহামেডানের জয়

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৪১

স্পোর্টস রিপোর্টার

ফুটবল মাঠে মোহামেডানের শেষ জয়টি কবে তা এতদিনে সমর্থকদেরও ভুলে যাবার কথা। কেননা তাদের শেষ জয়টি ছিল গত ২০ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে। প্রিমিয়ার লিগের সেই খেলায় ১১০ দিন আগে মোহামেডান ২-১ গোলে বিজেএমসিকে হারিয়ে লিগের শুরু করেছিল। এরপর তারা আরো ১১টি ম্যাচ খেলে কালেভদ্রে ড্র করতে পারলেও জয়ের দেখা পায়নি। অবশেষে মোহামেডান আবার জয়ের মুখ দেখল, সেই বিজেএমসির বিপক্ষে। ফিরতি ম্যাচেও ব্যবধান ২-১। অনেক অপেক্ষার জয়টি এলো নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে। পুরো লিগে এটি কেবল দ্বিতীয় জয়। তাতে ৯ পয়েন্টে মোহামেডান ১৩ দলের লিগে ১১ নম্বরে উঠলো। এই জয়ে  মোহামেডান ফুটবলার কর্মকর্তারা ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছেন।

 মোহামেডানের এমন বিপর্যয়ের কারণ ফুটবল দলটি সামর্থ্যের বিচারে অন্যদের সাথে তুলনা করার মতো নয়। মাঝে মাঝে যে ভালো খেলনি তাও নয়। কিন্তু গোল মিস করার কারণে জয় পায়নি। ফলে একসময়ের শিরোপা লড়াই করা মোহামেডান এখন রেলিগেশন হতে বাঁচার লড়াই করছে।

বিজেএমসির বিপক্ষে খেলাটিতে কাল বাড়তি আকর্ষণ ছিল মোহামেডান ছেড়ে যাওয়া কোচ আলী আজগর নাসির। তিনি বিজেএমসিতে যোগ দিয়েছেন। এই কোচ যাওয়ার আগে মোহামেডান ফুটবল একাদশ গঠন নিয়ে কিছু অপ্রিয় সত্য কথা বলেছিলেন। তার মধ্যে রেলিগেশন বাঁচানোর লড়াইয়ে থাকা দুদলের লড়াইয়ে জয় হলো মোহামেডানের।

লিগে হারতে হারতে ক্লান্ত মোহামেডান জয়ের জন্য আকুল ছিল। লিগের বিরতির মধ্যে কয়েকজন ফুটবলারও বদল করেছে। প্রথম পর্বে ল্যান্ডিং, কিংসলে চিগোজিরা ভালো খেললেও তাদের বিদায় দিয়ে নতুন ফুটবলার নেয়া হয়। স্ট্রাইকিং পজিশনে ঢুকেছেন মালির ফুটবলার সোলেমান ডিয়াবাতে। এই ফুটবলার প্রথম দিনে খুব একটা খারাপ খেলেননি। মোহামেডান যখন পিছিয়ে ছিল তখন রেফারির চোখ ফাঁকি দিয়ে পেনাল্টি আদায় করে সমতা ফেরানোর পথ করে দিয়েছেন। এরপর গোল করে ম্যাচ জিতিয়েছেন নিজেও।

 মোহামেডান এদিন প্রথম মিনিটেই গোল হজম করে পিছিয়ে যায়। বিজেএমসির উজবেক ফুটবলার ওতাবেক গোল করেন ১-০। ১৯ মিনিটে জাপানী ফুটবলার উরিউ নাগাতা পেনাল্টি মেরে গোল করেন ১-১। ৬০ মিনিটে ডিবায়েত গোল করেন ২-১। বিজেএমসির উজবেক ফুটবলারটিকে মোহামেডান বক্সে আঘাত করা হলে ওতাবেক প্রতিবাদ করেন। রেফারি সুজিত ব্যানার্জী তাকে ধমক দিয়ে সরিয়ে দেন। অথচ এর চেয়েও কম গুরুত্বপূর্ণ ফাউলে মোহামেডানের পক্ষে পেনাল্টি সিদ্ধান্ত দেন রেফারি।

 মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ সিন ব্রেন্ডেন লেন খুব খুশি। কারণ তিনি ডুবন্ত মোহামেডানের দায়িত্ব নিয়েছিলেন। কাল প্রথম জয় পেয়ে তিনিও খুশি। আগামী বুধবার পর্যন্ত প্রিমিয়ার লিগের কোথাও কোনো খেলা নেই।