লা লিগায় রেকর্ড আয়

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৪২

স্পেনের ফুটবলে লিগ লা লিগার ক্লাবগুলো ২০১৭-১৮ মৌসুমে রেকর্ড ৪৪৭ কোটি ৯০ লাখ ইউরো আয় করেছে। আগের বছরের তুলনায় এই আয় প্রায় ২০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের মৌসুমের আয় ছিল ৩৬০ কোটি ইউরো। লা লিগার ইতিহাসে এটিই সর্বোচ্চ রাজস্ব আয়ের ঘটনা। এ থেকে বোঝা যাচ্ছে স্পানিশ ক্লাবগুলো স্পন্সরদের কাছে বাড়তি আগ্রহ পাচ্ছে। তবে বছরটিতে এমন আয়ের কারণ দুটি। একটি বাণিজ্যিক আয়, অপর আয়ের খাতটি হলো খেলোয়াড়দের দলবদল। স্পানিশ ফুটবলের সর্বোচ্চ এ লিগটি পেশাদার কাঠামো এমন যে, তা সে দেশের জিডিপির ১.৪ শতাংশের সমান। এ লিগের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে এক লাখ ৮৫ হাজার মানুষ। আর এই লিগ থেকে প্রতি বছর ৪০০ কোটি ইউরোর বেশি কর পায় স্পেন।