দুর্দান্ত এক সেমিফাইনাল লড়াই শেষে ফ্রেঞ্চ ওপেন ফাইনালের টিকেট পেয়েছেন রাফায়েল নাদাল। টুর্নামেন্টের সবচেয়ে ‘হাই ভোল্টেজ’ ম্যাচে নাদাল গতকাল শুক্রবার ধ্রূপদী এক লড়াই শেষে ৬-৪, ৩-৬, ৬-১, ৭-৬ (৭-৩), ৯-৭ গেমে হারান নোভাক জোকোভিচকে।
প্যারিসের লাল কোর্টে গত আট বছরের আধিপত্যের মধ্যে শুধু এক মৌসুমেই শিরোপা হাতছাড়া হয় নাদালের। ২০০৯ সালে হাঁটুর ইনজুরির কারণে রবিন সোদারলিঙের কাছে হেরে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাকে। আর নাদালের কাছে বার বার ফ্রেঞ্চ ওপেন শিরোপা বঞ্চিত হওয়া রজার ফেদেরার এই সুযোগে পূর্ণ করেন তার ক্যারিয়ার স্ল্যাম। প্রায় একই অবস্থা ছিল এ মৌসুমেও। সেই হাঁটুর ইনজুরির কারণেই নাদাল যখন কোর্টের বাইরে, তখন কোর্টের বাইরে প্রায় একাধিপত্য বিস্তার করে চলছিলেন জোকোভিচ। ইনজুরির কাটিয়ে দীর্ঘ সাত মাস পর কোর্টে ফিরলেও, নাদাল সেই আগের রূপে ফিরতে পারবেন কিনা সে নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। সেই দলে ছিলেন এই স্প্যানিয়ার্ড নিজেও। শেষ পর্যন্ত নাদাল ফিরলেন সেই চিরচেনা রূপে। সেটাও আবার সেই জোকোভিচকে হারিয়েই।
টুর্নামেন্টের সবচেয়ে আকাঙ্খিত ম্যাচটিতে পাঁচ সেটের এক স্নায়ুক্ষয়ী লড়াইয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকাটিকে পরাজিত করে ক্লে কোর্টের একমাত্র গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পা রাখলেন ‘ক্লে কোর্ট সম্রাট’। ফাইনালে তার প্রতিপক্ষ হবেন ডেভিড ফেরার অথবা জো উইলফ্রেড সোঙ্গা।
