ব্রাজিল সুপারস্টার নেইমার দৃঢ়তার সাথেই জানিয়েছেন বার্সেলোনায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চান তিনি। তবে নেইমার মনে করেন বার্সেলোনার সাবেক কিংবদন্তি খেলোয়াড় স্বদেশী রোনালদিনহোর পর্যায়ে যেতে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে।
রোনালদিনহোর সাথে অবশ্য নিজেকে তুলনা করতে চান না নেইমার। বর্তমানে ব্রাজিলের ঘরোয়া লিগে খেলে চলা রোনালদিনহো কাতালান ক্লাবটিতে পাঁচ মৌসুম কাটিয়েছেন এবং দুটি লা লিগা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেন। পাঁচ কোটি ৭০ লাখ ইউরোতে বার্সেলোনায় আসা ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড বার্সা টিভিকে দেয়া সাক্ষাত্কারে বলেন, ‘আপনি কারো সাথে রোনালদিনহোর তুলনা করতে পারেন না। বার্সেলোনায় তিনি ইতিহাস গড়েছেন। জাতীয় দলেও তার ইতিহাস রয়েছে এবং এখনো ইতিহাস গড়ে চলেছেন। আমার ব্যাপার হচ্ছে আমি কেবল ইতিহাসের শুরু করেছি। পাশাপাশি এও আশা করি যে বার্সেলোনায় আমি নিজের নাম সুপ্রতিষ্ঠিত করতে পারবো।’আগামী মৌসুমে বার্সেলোনার ভয়ঙ্কর আক্রমণভাগে লিওনেল মেসির সাথে যুক্ত হবেন নেইমার। বার্সেলোনা ছয় বছরে পঞ্চম লা লিগা এবং পঞ্চম ইউরোপিয়ান শিরোপা জয়ের দিকে তাকিয়ে থাকবে এই দুই তারকা ফুটবলারকে সাথে নিয়ে।
সান্তোসে থাকার সময় নেইমার বার্সেলোনার মুখোমুখি হয়েছিলেন ২০১১ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে। সেই ফাইনাল নিয়েও কথা বলেছেন তিনি। সেবার বার্সেলোনা ফাইনালে ব্রাজিলীয় দল সান্তোসকে ৪-০ গোলে হারিয়েছিল। এই ফাইনাল থেকে শিক্ষা নিয়েছেন বলে জানান নেইমার। তিনি বলেন, ‘বার্সার সাদাসিধে খেলার ধরন আমাকে তাড়িত করে। এই সাদাসিধে খেলার ধরন তারা কার্যকর করে প্রতিটি ম্যাচ উত্তেজনাপূর্ণ করে তোলে।’
