হাসপাতালে ভর্তি প্রিন্স ফিলিপ

আপডেট : ০৭ জুন ২০১৩, ২২:৫৪
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার প্রিন্সের তলপেটে অস্ত্রোপচার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রিন্স ফিলিপ হাসপাতালে ভর্তি হন। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, হাসাপাতালে ভর্তির আগে প্রিন্স ফিলিপ প্যালেসের বাগানে এক পার্টিতে অংশ নেন। তাকে দুই সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ীই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানোর কথা জানিয়েছে প্যালেস। প্রিন্স ফিলিপের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে প্যালেসের একজন মুখপাত্র জানিয়েছেন। গত সপ্তাহেও প্রিন্স ফিলিপ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে সমপ্রতি তার অসুস্থতার সঙ্গে হাসপাতালে ভর্তির কোনো যোগসূত্র নেই। সামপ্রতিক বছরগুলোতে প্রিন্স ফিলিপ বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হন। গত আগস্টে অসুস্থতার জন্য তিনি প্যারা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। আগামী ১০ জুন ৯২ বছরে পা দেবেন প্রিন্স ফিলিপ।