শিক্ষার্থীরা যাতে সহজেই রাসবেরি পাই ব্যবহার করতে পারে, সেই উদ্দেশ্যেই এর নির্মাতারা এবারে অবমুক্ত করেছে ‘নুবস’ নামের এই সফটওয়্যারটি। এ প্রসঙ্গে রাসবেরি পাইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ইবেন আপটন জানান, ‘রাসবেরি পাইয়ের ব্যবহারকে যথাসম্ভব সহজ করতে চাই আমরা। যেসব শিক্ষার্থীদের বাড়িতে অভিভাবকদের কেউ প্রযুক্তির সাথে জড়িত কিংবা যারা শিক্ষকদের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে তাদের জন্য চিন্তার কিছু নেই। তবে বাকিদের কাছে এর ব্যবহার কিছুটা কঠিন লাগতে পারে। আর তার জন্যই আমরা এই সফটওয়্যার নিয়ে এসেছি।’ নুবস (Noobs-New out of the box software) নামের সফটওয়্যার ফাইলটি জিপ আকারে ডাউনলোড করা যাবে এসডি কার্ডে। এটি ব্যবহার করেই আর্কলিনাক্স, পাইডোরা, রাসবিএমসিসহ আরও কয়েকটি অপারেটিং সিস্টেম থেকে নিজের পছন্দেরটি বাছাই করা যাবে। যেকোনো ধরনের সমস্যা হলে অপারেটিং সিস্টেম রি-ইন্সটলও করা যাবে এটি ব্যবহার করে।
