আসিফুর রহমান সাগর
রোজা শুরু হতে না হতেই জমে উঠেছে ঈদ বাজার। রাজধানীর শপিংমলগুলো ইফতারের আগেই রীতিমত জমে উঠেছে। বসুন্ধরা শপিং মল, গাউছিয়া, নিউ মার্কেট, মৌচাক মার্কেট, আড়ং, ইয়ালো, আর্টিজান, ফিট এলিগেন্স এসব শোরুম ক্রেতাদের আনাগোনায় জমে উঠেছে।
সাধারণত রোজার শুরুতে ভিড় থাকে আনস্টিচ সালোয়ার কামিজের দোকানগুলোতে। ছাট কাপড়ের সঙ্গে ডিজাইন মিলিয়ে সালোয়ার কামিজ আর ওড়নার কম্বিনেশন করেন মেয়েরা। এরপর তা টেইলার্সে বানাতে দেওয়ার পালা। রোজার পাঁচ দিন পেরোয়নি এরই মধ্যে রাজধানীর স্বনামধন্য টেইলার্সগুলো অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। পরিচিত কাস্টমার ছাড়া আর অর্ডার নিচ্ছেন না তারা।
গতকাল শুক্রবার রোজার প্রথম সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মার্কেটগুলো ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে ওঠে। মিরপুর রোডে রয়েছে বেশকিছু শপিং মল। যেমন রাপা প্লাজা, এ আর প্লাজা, সানরাইজ প্লাজা, অরচার্ড প্লাজা প্রভৃতি। এসব মার্কেটে সব ধরনের দোকান থাকায় ক্রেতারা ঘুরে ফিরে তাদের পছন্দের পোশাকটি নির্বাচন করতে পারছেন অনায়াসে। ছেলেদের পোশাকের দেশি ব্র্যান্ড ক্যাটস আই, মনসুন রেইন, আর্টিস্টি কালেকশন, টেক্সমার্ট প্রভৃতি শোরুমগুলো ঈদের কেনাকাটায় বেশ ভালভাবেই জমে উঠেছে।
গুলশানের ঈদ মার্কেট ঢাকার আর দশটা মার্কেটের চেয়ে আলাদা। সেখানকার ক্রেতারা দোকানে দোকানে না ঘুরে এক ছাদের নিচে সব পণ্য কিনে নিয়ে বাড়ি ফিরতে চায়। সে কারণে বেশিরভাগ দোকানের আয়োজন থাকে ক্রেতার সেই চাহিদার সঙ্গে মিলিয়ে। গুলশানে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাসাভি, স্টার ওয়ার্ল্ড, নাবিলা, শপার্স ওয়ার্ল্ড প্রভৃতি। গুলশান ১ নম্বর সার্কেলে ভাসাবিতে ঈদ শপিং-এর যে কোন পণ্য আপনি এখানে এক ছাদের নিচে পাবেন। মার্কেটের চারতলা জুড়ে বিভিন্ন পোশাক কর্নারে রয়েছে ভিন্ন ভিন্ন আয়োজন।
বারিধারা ডিওএইচএস-এর বাসিন্দা সোহানা তাবাসসুম তার স্বামীর সাথে এসেছেন। তিনি এখান থেকে কিনলেন ভারতীয় লক্ষৌ ডিজাইনের শাড়ি ও অলওভার এম্ব্রয়ডারির সালোয়ার কামিজ। তিনি বললেন, এখানকার কালেকশন ভালো। আর এক জায়গাতেই সব পাওয়া যায় এটাও একটা সুবিধা।
এলিফ্যান্ট রোডে রয়েছে ছেলেদের পোশাকের জমজমাট আয়োজন। এখানে ওয়েস্টেক্স, ক্যাটস আই, মনসুন রেইন, আনলিমিটেড, এক্সটেসি, লার্ক, সিলভার রেইন, রেক্স প্রভৃতি দোকান। এসব দোকানে ছেলেদের হাল ফ্যাশনের শার্ট, প্যান্ট, জুতা ও পাঞ্জাবির রয়েছে এক্সক্লুসিভ কালেকশন। হাল ফ্যাশনের ছেলেদের পোশাকে জ্যামিতিক প্যাটার্ন ও স্ট্রাইপের নানা মাত্রার ব্যবহার সবসময় জনপ্রিয়। এবারও এসব কালেকশন রয়েছে বেশি। তবে এর মধ্যেও যোগ হয়েছে ফ্লোরাল মোটিফ ও এম্ব্রয়ডারির ডিজাইন। এছাড়া তরুণদের জন্য কাঁধের কাছে বিশেষ ডিজাইনের শার্টের চাহিদাও ভাল। এছাড়া ফর্মাল প্যান্ট ও জিন্সের প্যান্টের বিশাল কালেকশনের জন্য এলিফ্যান্ট রোডের দোকানগুলোর সুনাম রয়েছে। সেইসাথে ছেলে ও মেয়েদের হাল ফ্যাশনের জুতার সবচেয়ে ভালো কালেকশন রয়েছে এলিফ্যান্ট রোডের দোকানগুলোতে।
