চট্টগ্রামকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে অচিরেই ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রণয়নের কাজ শুরু হবে। শুক্রবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, ঢাকায় নতুনভাবে ড্যাপ প্রণয়নের কাজ চলছে। ঢাকার মত চট্টগ্রামকেও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে ড্যাপ প্রণয়নের কাজ শুরু করা হবে। তিনি কৃষিজমি রক্ষার লক্ষ্যে পরিকল্পিত নগরায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। এজন্য তিনি শহর এলাকায় ৫০/৬০ তলা ভবন নির্মাণের পরামর্শ দেন। তিনি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সিডিএ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এছাড়া নির্মাণাধীন ভবনের অনুমোদিত নকশার অনুলিপি এবং ভবনটি কি কাজে ব্যবহার হবে তার উল্লেখসহ আনুষঙ্গিক তথ্যাবলী ভবনের সামনে প্রকাশ্য স্থানে লিখে রাখা নিশ্চিত করতে সিডিএকে উদ্যোগ নেয়ার নির্দেশ দেন। তিনি বলেন, চারতলার অনুমতি নিয়ে আটতলা করা এবং বাসাবাড়ির অনুমোদন নিয়ে গার্মেন্টসকে ভাড়া দেয়ার মত বিপজ্জনক কর্মকাণ্ড ঠেকাতেই এ উদ্যোগ নেয়া প্রয়োজন। বাড়ির সামনে অনুমোদিত নকশা এবং আনুষঙ্গিক তথ্যাবলী সম্বলিত বোর্ড ঝোলানো থাকলে স্থানীয় জনগণ সচেতন থাকবেন। ভবন নির্মাণের কাজে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে জনগণই তা প্রতিরোধে এগিয়ে আসবেন। জনগণ সচেতন না হলে রানা প্লাজার মত দুর্ঘটনা ভবিষ্যতে আরও ঘটতে থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। সিডিএর উদ্যোগে মাসব্যাপী গণসচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিডিএ ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে সিডিএর চেয়ারম্যান আব্দুচ ছালাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সিডিএর বোর্ড সদস্য ইউনুস গণি চৌধুরী, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিউটের পরিচালক প্রকৌশলী মো. আবু সাদেক প্রমুখ।
