শেখ হাসিনার সরকার সকল সম্প্রদায়ের স্বর্ণালী অধ্যায় সৃষ্টির সরকার :পূর্তমন্ত্রী

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৪৪

ইত্তেফাক রিপোর্ট

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানের দেশ। এ দেশ কোনো একক ধর্মীয় সম্প্রদায়ের দেশ নয়। এ দেশের সকল ধর্মাবলম্বী সকল অধিকার ভোগ করবে, এটাই আমাদের সংবিধানের কথা। তিনি বলেন, শেখ হাসিনার সরকার সকল সম্প্রদায়ের জন্য স্বর্ণালী অধ্যায় সৃষ্টির সরকার ও মুক্তিযুদ্ধের চেতনার সরকার। গতকাল শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশন এর ১১তম বার্ষিক ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর রাষ্ট্র ক্ষমতা দখল করে জিয়াউর রহমান সংবিধানের ৩৮ অনুচ্ছেদকে বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতি চালুর ব্যবস্থা করলেন এদেশে। স্বাধীনতাবিরোধী চিহ্নিত রাজাকার খুনিদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করে কারো কারো গাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়ে জাতিকে, ৩০ লক্ষ শহীদকে অপমানিত করা হয়েছিল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার মন্ডল প্রমুখ।